• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা : তদন্ত চলছে


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১:২৭ অপরাহ্ন / ৫৪
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আত্মহত্যা : তদন্ত চলছে

এম রোমানিয়া,খুলনা ব্যুরো খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে, যা সংশ্লিষ্ট মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে ফেলে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা গ্রামের বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত বছরের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। দায়িত্বশীল ও ভদ্র আচরণের জন্য সহকর্মীদের কাছেও তিনি পরিচিত ছিলেন। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি নির্ধারিত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে, নিহতের পরিবারের সদস্যদের ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।