• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ৪


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন / ৯
বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ৪

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোরের বেনাপোল পৌর এলাকায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হাসান মাহমুদ প্রিন্স (মেম্বার), ইজাজ আহম্মেদ, আব্দুর রহমান মিলন ও মশিউর রহমান। তারা সবাই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও বাণিজ্যিক এলাকা। এ অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য এবং জননিরাপত্তা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।