

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কৌশিক আহমেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম -সেবা এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।।
আপনার মতামত লিখুন :