• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে খাটের নিচ থেকে চোরাই পানির মটর উদ্ধার : আটক দুই


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন / ১০
ফরিদপুরের চরভদ্রাসনে খাটের নিচ থেকে চোরাই পানির মটর উদ্ধার : আটক দুই

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে ৫টি পানির মটর চুরির অভিযোগে শাকিল ( ২৫ ) ও রতন খান ( ৩৫ ) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া পানির মটর তাদের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বিএস ডাঙ্গী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় শাকিলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর অভিযুক্ত রতন খানের বসত ঘরের খাটের নিচ থেকে চোরাই পানির মটর উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিএস ডাঙ্গী এলাকার বাসিন্দা সোরহাব হোসেনের নবনির্মিত তিনতলা ভবনের নিচতলার সিঁড়ির নিচ থেকে গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে একটি পানির মটর চুরি হয়। এ ছাড়া একই এলাকার নুরু মোল্লা, মঞ্জু মৃধা ও আদেল উদ্দিন খানের বাড়ি থেকেও বিভিন্ন সময়ে আরও চারটি পানির মটর চুরি হয়। চুরি হওয়া ৫ টি মটরের আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা।

মঙ্গলবার রাতে বিএস ডাঙ্গী এলাকায় শাকিলকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় রফিকুল ইসলাম, ইমাম হাসান ও জিহাদ সহ কয়েক জন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলকে হেফাজতে নেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শাকিল ৫টি পানির মটর চুরির কথা স্বীকার করেছে বলে জানা গেছে। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে একই রাতে অপর অভিযুক্ত রতন খানের বসত ঘরের খাটের নিচ থেকে চোরাই পানির মটর উদ্ধার করা হয়। এ সময় রতন খানকেও আটক করা হয়। তিনি চোরাই মটর কিনে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বাদী সোরহাব হোসেন শাকিল ও রতন খানের বিরুদ্ধে চুরি এবং চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী বলেন, পানির মটর চুরির ঘটনায় স্থানীয় লোক জনের সহযোগিতায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া পানির মটর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, চুরি, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।