• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার ১ : ১৮টি বার ও মোটরসাইকেল জব্দ


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:২১ অপরাহ্ন / ৭
শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার ১ : ১৮টি বার ও মোটরসাইকেল জব্দ

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি স্বর্ণসহ মোহাম্মাদ আলাউদ্দীন নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে।

এ সময় তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম প্রায় ১৮০ ভরি।

২১ অক্টোবর বুধবার সকাল সাড়ে দশটার দিকে শার্শা থানার খাজুরা এলাকার নাভারণ সাতক্ষীরা মহাসড়কের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ,এস,পি মোহাম্মাদ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ শামিনুল হক ও এসআই শেখ মোহাম্মাদ জাহিদুল আলমসহ পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে মোটর সাইকেল আরোহী মোহাম্মাদ আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অপর দুইজন অজ্ঞাতনামা সহযোগী সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়।

​গ্রেপ্তারকৃত মোঃ আলাউদ্দীন শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুল ও মোছাম্মাদ জায়েরা খাতুনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সাথে পালিয়ে যাওয়া অপর দুই আসামির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।