

খুলনা ব্যুরোঃ খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
অভিযানকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, আজমুল হত্যা মামলায় রিফাত অন্যতম অভিযুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার রিফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :