

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা সম্প্রসারণে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত ১৫১ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন।
রোববার ( ৩০ আগস্ট ) সকাল ৯টার দিকে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন কি না এবং চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় সেবা মিলছে কি না এসব বিষয়ে সরাসরি খোঁজ নেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ ও ওষুধ বিতরণ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক-নার্সদের উপস্থিতি এবং ওষুধের মজুতও যাচাই করেন।
পরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে হাসপাতালের জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। স্বাস্থ্যসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না জানিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। চরভদ্রাসনের মানুষের ক্রমবর্ধমান চিকিৎসার চাহিদা বিবেচনায় দ্রুত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতালের চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী রিনা আক্তারকে (টিএফপিএ) পার্শ্ববর্তী সদরপুর উপজেলায় তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ কাপুরিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :