• ঢাকা
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

খুলনা রূপসা উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা হৃদয় গ্রেফতার 


প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন / ৬৫
খুলনা রূপসা উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা হৃদয় গ্রেফতার 

মিশারুল ইসলাম মনির, খুলনাঃ খুলনার রূপসা উপজেলার চাঞ্চল্যকর জয়নুল ঢালী ওরফে জয় ঢালী হত্যা মামলার মূলহোতা রফিকুল ইসলাম হৃদয় ওরফে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ঘটনার সাত দিনের মধ্যে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র‍্যাব-১ সদর কোম্পানি, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয় (৩০) রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের এনতাজ আলীর ছেলে।

র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী প্রেম করে বিয়ে করার কারণে জয়নুল ঢালীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়। বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হতো। গত ১৫ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটের দিকে কাজে যাওয়ার পথে রূপসা থানার ১ নম্বর আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে রফিকুল ইসলাম হৃদয়সহ কয়েকজন তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে জয়নুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। পরে ১৬ আগস্ট নিহতের মা রূপসা থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব আরও জানায়, মামলা হওয়ার পর অভিযুক্ত রফিকুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব। রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।