

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৭ লক্ষ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ ও সমান গনি (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ওসমান গনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তির শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লক্ষ ৪২ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল এবং নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৭৭ লক্ষ ৫৪ হাজার ৬০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওসমান গনি জানায়, সে উক্ত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :