

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকাঃ ঢাকার সাভারে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় তিন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাভারের চাঁপাইন এলাকার ওএমএসের ডিলার পয়েন্টে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবু বক্কর সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং ফেরদৌস রহমান রূপক (যিনি এফ আর রূপক নামেও পরিচিত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ মৎস্যজীবী লীগের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক বলে জানা গেছে)। এ সময় তাদের সাথে থাকা পিন্টু শেখ নামের অপর এক কথিত সাংবাদিক পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভারের চাঁপাইন এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে গিয়ে কখনো ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন। ঘটনার দিন সাভারের চাঁপাইন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেন এবং পরে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে চশমা পরিহিত অবস্থায় গ্রেপ্তারকৃত এফ আর রূপককে দেখা গেছে।
অনুসন্ধানে জানা যায়, এফ আর রূপক ও তার চক্রটি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করতেন। কখনো জাতীয় দৈনিকের সাংবাদিক, আবার কখনো সরকারের উচ্চপদস্থ ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা অপতৎপরতা চালাতেন।
কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক বিষয় নিয়ে মিথ্যা অপপ্রচারের ভয় দেখিয়ে তারা ব্ল্যাকমেইল করতেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিভিন্ন মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করাই ছিল এই চক্রের মূল পেশা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা এই চক্রের সাথে জড়িত পলাতক আসামিসহ অন্যান্য সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :