

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এর ফলে কয়েকটি পরিবারের সদস্য কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী সোহরাব শেখ বাদী হয়ে শনিবার বিকেলে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট উদাস গ্রামের সোহরাব শেখ, রমজান শেখ, তুরাপ শেখ, আবু হাসান ও সাহেব আলীর পরিবার বহু বছর ধরে উক্ত পথটি ব্যবহার করে আসছিল। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সম্প্রতি প্রতিবেশী সাইফুল ইসলাম ও মোস্তফা শেখ জমিটি নিজেদের দাবি করে সেখানে বাঁশের বেড়া ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলোর স্বাভাবিক চলাচল, জরুরি চিকিৎসার জন্য রোগী হাসপাতালে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা এবং শিশুদের স্কুলে যাওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে বাধ্য হয়ে তারা মাঠের মধ্য দিয়ে বিকল্প পথে যাতায়াত করছেন।
ভুক্তভোগী সোহরাব শেখ ও তার স্ত্রী রিনা বেগম জানান, দীর্ঘদিন ব্যবহৃত পথটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা ঘরের মধ্যে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম বিপাকে পড়তে হচ্ছে। সঠিক বিচার ও যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবিতে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, জমিটি তাদের নিজস্ব। ভুক্তভোগী পরিবারগুলো পূর্বে তাদের মাঠে যাওয়ার পথ বন্ধ করে দেওয়ায় প্রতিক্রিয়া হিসেবে তারাও এ সিদ্ধান্ত নিয়েছেন। ভুক্তভোগীরা মাঠের পথ ছেড়ে দিলে তারাও যাতায়াতের রাস্তা খুলে দেবেন বলে জানান।
ঘটনাটি নিয়ে স্থানীয় অধিবাসী সিদ্দিক শেখসহ গ্রামের সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এটি বহু পুরনো একটি চলাচলের পথ এবং মানুষের মৌলিক যাতায়াতের অধিকারের সাথে জড়িত। এ নিয়ে সামাজিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :