• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান : ৪ কারবারি ও সেবী গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন / ৩৬
রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান : ৪ কারবারি ও সেবী গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তিরা সবাই কোতয়ালী থানা এলাকার বাসিন্দা। তারা হলেন, মোঃ দেলোয়ার (৩৫), পিতা- আবু বক্কর সিদ্দিক (আপার রাঙ্গামাটি)। মোঃ নূর ইসলাম (৩৮), পিতা- মৃত মোহাম্মাদ আলী (রূপনগর)। মোঃ সাজিদ (২৫), পিতা- মোঃ নাছির (রিজার্ভ বাজার চেঙ্গীমুখ)। মোঃ শাহীন (২১), পিতা- মোঃ আবুল (রিজার্ভ বাজার)।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে অতর্কিত এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।