• ঢাকা
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ১১:১০ অপরাহ্ন /
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকাঃ সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ‌‘দৈনিক অন্যায়ের চিত্র’-এর সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী (কনডম) তৈরি হতো।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ওই কারখানা থেকে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ও নিম্নমানের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল ও ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ তা না মেনে গোপনে একই যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম উৎপাদনসহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এটি কোনও বৈধ প্রতিষ্ঠান নয়। এখানে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল। এসব পণ্যের অধিকাংশ পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ উপায়ে আনায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ ছাড়া গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল।

তিনি আরও বলেন, অভিযান শেষে উদ্ধার করা বিপুল মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য দুই কোটি টাকা। এ ছাড়া মূল অভিযুক্ত ও প্রতিষ্ঠানের কর্ণধার শাহাদত হোসেন শান্তু ঢাকায় অবস্থান করায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।