• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন : ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন / ৩২
ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন : ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে।

গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক মেধাবী তরুণ উদ্যোক্তা মিলে নুরুল্লাগঞ্জ গ্রামে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হাঁস, দেশি মুরগি, কোয়েল ও ছাগলের সমন্বয়ে এই খামারটি গড়ে তোলেন।

গত বছরের এপ্রিলে প্রতিষ্ঠিত এই খামারটি অল্প সময়ের মধ্যেই এলাকার বেকার যুবকদের কাছে একটি সফল মডেল ও প্রেরণার উৎস হিসেবে পরিচিতি পেয়েছিল।

খামারের পরিচালক মোহাম্মদ আলী বিশ্বাস কাজল জানান, ঘটনার রাতে পৌনে বারোটা পর্যন্ত তিনি খামারেই ছিলেন। সবকিছু ঠিকঠাক দেখে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরেই আগুনের খবর পান। এলাকাবাসীর দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ছাগলের শেডটি সম্পূর্ণ ছাই হয়ে যায় এবং সেখানে থাকা ৩৬টি ছাগলই মারা যায়।

এ ঘটনায় খামার কর্তৃপক্ষ চরম দিশেহারা হয়ে পড়েছেন। পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে তাদের ধারণা। এই মর্মে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিক্ষিত এই তরুণ উদ্যোক্তারা তাদের ঘুরে দাঁড়াতে এবং ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করতে উপজেলা পুলিশ ও প্রশাসনের জরুরি সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন।