• ঢাকা
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলন, জরিমানা সহ ৩ ড্রেজার মেশিন ধ্বংস


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৯:১২ অপরাহ্ন /
ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলন, জরিমানা সহ ৩ ড্রেজার মেশিন ধ্বংস

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি মেশিন ধ্বংস করা হয়।

বুধবার ( ২৬ আগস্ট ) দুপুর ২ টার দিকে ১নং চরহরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ১নং চরহরিরামপুর ইউনিয়নের আনিসের গ্রামের নয়ন মোল্লার ছেলে আসলাম মোল্লাকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ধ্বংস করা হয়।

পরে অত্র ইউনিয়নের আদার বাজার ও হাজার বিঘা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আরও দুটি মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ বলেন আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।