

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে তেল সিন্ডিকেটের কারণে তীব্র সংকটে পড়েছেন দেশের বিভিন্ন চরাঞ্চলের শিক্ষকরা। কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ।
স্থানীয় সূত্রে জানা গেছে আগে যেখানে প্রতিদিন যাতায়াতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের খরচ হতো প্রায় ৩০০ টাকা সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ টাকায়। ভাড়া দ্বিগুণ হওয়ায় শিক্ষকরা পড়েছেন চরম বিপাকে।
অভিযোগ রয়েছে বাজারে প্রকাশ্যে তেলের দোকানগুলো বন্ধ রাখা হচ্ছে। তবে গোপনে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। প্রতি লিটার তেল চর অঞ্চলে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সুযোগে একটি অসাধু সিন্ডিকেট তেল মজুদ করে চরাঞ্চলে বেশি দামে পাচার করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ও চর ঝাউ কান্দা ইউনিয়ন এর একাধিক শিক্ষক জানান আমাদের বেতন সীমিত কিন্তু খরচ দ্বিগুণ হয়ে গেছে। প্রতিদিন যাতায়াত করতেই হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে বিদ্যালয়ে যাতায়াত কঠিন হয়ে পড়বে।
স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। বাজারে নজরদারি জোরদার করা হলে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন তারা।
ভুক্তভোগী শিক্ষক, ভাড়ায় মোটরসাইকেল চালক, টলার চালক ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, তেলের বাজারে স্বচ্ছতা ফিরিয়ে এনে ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ ও শিক্ষকরা স্বস্তিতে চলাচল করতে পারেন।
চরাঞ্চলের শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের এই দুর্দশা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :