

ব্যুরো প্রধান, খুলনাঃ খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. জাকির হোসেন স্বল্পবাহিরিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :