

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২৭টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ৬ প্যাকেট সনপাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব এবং ১ হাজার ৫৩৯টি প্রসাধনসামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচারচক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :