

আজিজুল ইসলাম, যশোরঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদরের উদ্যোগে ভৈরব নদীতে জনস্বার্থে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০:০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ দেশের অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সর্বদা বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জনগণ এবং বিজিবির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :