

আজিজুল ইসলামঃ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের এক নতুন প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র।
কৌশলে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগীর স্বজন ও পরিচিতদের কাছে জরুরি আকুতি জানিয়ে টাকা দাবি করছে তারা। সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর ঘটনার মুখোমুখি হয়েছেন এক ভুক্তভোগী।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, সম্প্রতি +৮৮০ ১৮৬৭-০৩০১৫৮ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘এসআই মুস্তাফিজুর রহমান’ হিসেবে পরিচয় দেন। তিনি ভুক্তভোগীকে জানান, তাদের একটি গোপন পুলিশ গ্রুপে দুর্ঘটনাবশত তার নম্বরটি যুক্ত হয়ে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে ওই ভুয়া পুলিশ কর্মকর্তা ভুক্তভোগীকে তাৎক্ষণিকভাবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।
বিশ্বাসযোগ্যতা তৈরিতে প্রতারক ব্যক্তি হোয়াটসঅ্যাপে লাউডস্পিকার অন করতে বলেন এবং একের পর এক প্রযুক্তিগত নির্দেশনা দিতে থাকেন। ভুক্তভোগী সরল বিশ্বাসে সেই নির্দেশাবলী অনুসরণ করলে প্রতারক চক্রটি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (অ্যাক্সেস) নিয়ে নেয়। এরপর তদন্তের অজুহাতে ভুক্তভোগীকে তার মোবাইল নম্বরটি এক ঘণ্টার জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়।
ফোন বন্ধ রাখার কিছুক্ষণের মধ্যেই ভুক্তভোগীর পরিচিত ও স্বজনদের কাছে হোয়াটসঅ্যাপ থেকে বার বার্তা যেতে শুরু করে। যেখানে ভুক্তভোগীর পরিবারের সদস্য অসুস্থতার কথা বলে জরুরি ভিত্তিতে টাকা চাওয়া হয়। পরে পরিচিতদের ফোন পেয়ে ভুক্তভোগী জানতে পারেন যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং তিনি দ্রুত সকলকে টাকা না দেওয়ার জন্য অনুরোধ জানান।
বিশেষজ্ঞদের পরামর্শ ও সতর্কতা:
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কখনোই ফোন করে লাউডস্পিকার অন রাখা বা ওটিপি (OTP) সংক্রান্ত কোনো নির্দেশনা দেন না। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন:
লোগো বা ছবিতে বিভ্রান্ত হবেন না: হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে পুলিশের লোগো থাকলেই তা সত্যি বলে ধরে নেওয়া যাবে না।
ওটিপি বা নির্দেশ পালন নয়: ফোনে কেউ কোনো কোড, টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা অজানা কোনো নির্দেশ দিলে তা কখনোই করবেন না।
টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তায় অবিলম্বে ‘Two-Step Verification’ চালু রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সন্দেহজনক নম্বর থেকে সতর্ক থাকুন: অপরিচিত নম্বর থেকে পুলিশের পরিচয় দিলে সরাসরি নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে নিশ্চিত হন।
আপনার মতামত লিখুন :