• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন / ৩
নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় ২ বিএনপি নেতা খুনের ঘটনার জের ধরে প্রতিপক্ষ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি ঘরে ভয়াবহ লুটপাট,ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কালিয়ার বেন্দারচর, ঘোষপাড়া সহ বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশত বাড়ি লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে কালিয়ার বেন্দা গ্রামে গিয়ে দেখা যায় বিভৎস অবস্থা। গ্রামটিতে পুড়া গন্ধ। অধিকাংশ বাড়িতে কোন মানুষ নেই। পুরা এলাকা পুরুষ শুণ্য। কোন বাড়িতে পুরুষ মানুষ নেই। অজানা আতংকে কম বয়সী নারী ও যুবতীরা বাড়ি ছেড়ে চলে গেছে অন্যত্র। এ গ্রামের সংখ্যালঘুরা আতংকে আছেন। অধিকাংশরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

যারা দু’একজন এলাকায় আছেন ,তাদের চোখে মুখে আতংকের ছাপ। একইভাবে উপজেলার জয়নগর ইউনিয়নের নয়নপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার মন্নু শেখ, জুলফিকার ও রাসেল’র বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামিমুর রহমান ওসি’র বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং আনিস চৌধুরী’র বাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩ টার পর থেকে হঠাৎ করে কালিয়া উপজেলার বেন্দা গ্রাম সহ বিভিন্ন এলাকায় লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। চলে রাত পর্যন্ত। এ সময় নড়াইল -১ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তি’র বেন্দা গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটন’র বেন্দারচর’র ২টি বাড়ি এবং কালিয়া শহরের বাড়ি লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়েছে। কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বড়কালিয়া গ্রামের বাড়ি, আওয়ামী লীগ নেতা বিপ্লব’র বাড়ি লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়েছে। কালিয়া বাজারের সঞ্জয় সাহা’র রড সিমেন্ট এর দোকান হতে নগদ টাকা ও মালামাল লুট হয়েছে। সর্বসাকুল্যে যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।

এসব লুটপাট,ভাংচুর ও অগ্নিসংযোগ সম্পর্কে জানার জন্য এলাকায় তেমন কাউকে পাওয়া যায়নি। যদিও দু’একজন মানুষের সাক্ষাৎ পাওয়া গেলেও ভয়ে কেউ মুখ খুলতে চাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এলাকায় ২ জন বিএনপি নেতা খুন হওয়ার পর একটি সুযোগ সন্ধানী চক্র সক্রিয় হয়ে উঠে। তারা এসব লুটপাট,ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

খুনের ঘটনার পর এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দখলদারিত্ব দেখানোর জন্য বিএনপি’র একটি গ্রæপ সক্রিয় হয়ে উঠে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু লুটেরা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। তারাও রাজনৈতিক ছত্রছায়ায় থাকে।

মুলত এ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগে কিছু বিশৃংখল লোক আছে। দূর থেকে আওয়ামী লীগ নেতাদের দেয়া উস্কানিতে একটি গ্রæপ বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও হত্যাকান্ড ঘটায়। ঠিক একইভাবে বিএনপি’র সাথে থাকা একটি গ্রæপ একইভাবে হত্যা ঘটনার পর ভাংচুর ও লুটপাট চালিয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বাস্তবে এদের কোন দল নেই। এরা হচ্ছে সুবিধাভোগি।

বিএনপি ও আওয়ামী লীগ থেকে এরা সব সময় সুবিধা নেয়। ইচ্ছাকৃত বিশৃংখলা ঘটিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। এরা সকাল বিকাল দল পাল্টায়। নেতা পাল্টায়। এদের চরিত্রের কোন ঠিক নেই। নির্দিষ্ট আয়ের কোন উৎস নেই। কিন্তু তাদের চলনে বলনে ও বাজার করার বাহার দেখলে মানুষ হতভম্ব হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে এরা অর্থ সম্পদে ফুলে ফেপে উঠে। এদের কারণে এলাকায় ২টা মানুষ খুন হয়েছে। আবার এদের কারনেই এলাকায় ভয়াবহ লুটপাট হয়েছে। বেপরোয়া ভাংচুর হয়েছে। আগুনে পুড়েছে অনেক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি। সেই সাথে পুড়েছে অনেকের স্বপ্ন একমাত্র মাথা গোজার ঠাই।

প্রসঙ্গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল-ছাত্রদল কর্তৃক আয়োজিত মোটরসাইকেল মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় গুরুতর আহত হন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস’র (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। তাদের চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

নিহত বিএনপি’র ২ নেতার কবর জিয়ারত করার জন্য শুক্রবার (২০ নভেম্বর) সকালে কালিয়ায় ছুটে আসেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল কবির রিজভী। এ সময় তার সাথে আরোও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল,জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, শাহরিয়ার রিজভী জর্জ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।