

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খানের মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।
ভিডিও কলে শেখ সেলিম সকলকে শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালন করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা জনসাধারণের জানমালের ক্ষতি হয় — এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়েও তিনি কঠোর নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় সালাউদ্দিন খান লঞ্চঘাট এলাকায় অবস্থান করছিলেন। ভিডিও কলের মাধ্যমে শেখ সেলিমের সঙ্গে তার কথা বলার বিষয়টি স্থানীয়ভাবে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে লকডাউন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন দুপুরে লঞ্চঘাট এলাকায় গিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে লকডাউন পালনের অনুরোধ জানান। এ সময় তিনি গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনা মোতাবেক সকলকে শান্তিপূর্ণভাবে লকডাউন পালন করতে দেখা গেছে।
এ সময় গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আল-আমিন, সফিকুর রহমান মুক্তি, জোবায়ের ইসলাম ঝন্টু, । ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ খান, রাজু খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ খান সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বিভিন্ন যানবাহনে চড়ে শহরের লঞ্চঘাট এলাকায় সমবেত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। যদিও বা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথবাহিনীর কোনো সদস্যদেরকে সেখানে দেখা যায়নি।
এছাড়াও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে আজ দুপুরে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর দিয়েছে, মুকসুদপুর থানায়ও ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে, এদিকে জেলা শহরে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে এম বাবরের বাড়িতে আজ দুপুরে পুনরায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও লঞ্চঘাট এলাকায় বিএনপির সাবেক নেতা ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এছাড়াও শহরের পোস্ট অফিস মোড়ে এফ.এন.এফ সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানা গেছে। এছাড়া লকডাউন সফল করতে গতকাল রাত থেকেই ঢাকা- খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে। বড় বড় গাছের গুড়ি এবং বিদ্যুতের খাম্বা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে বিক্ষুব্ধ জনতা।
আপনার মতামত লিখুন :