

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ রাজধানী টেলিভিশনের পঞ্চম বর্ষে পদার্পণ এবং দৈনিক মুখপাত্র পত্রিকার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় কেক কাটা, আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, রাজধানী টেলিভিশন ও দৈনিক মুখপাত্র তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে খুলনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরছে। এ ধরনের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি প্রতিষ্ঠান দুটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান মিল্টন, খুলনা জেলা জাসাসের সাধারণ সম্পাদক এ কে আজাদ, এসএ টেলিভিশন ও একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধিসহ খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ রাজু, খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে রাজধানী টেলিভিশন ও দৈনিক মুখপাত্রের খুলনা ব্যুরো প্রধান, প্রতিনিধি এবং ক্যামেরাপারসনদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
পরে অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন দৈনিক মুখপাত্রের খুলনা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রাজিব, রাজধানী টেলিভিশনের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি জিএম হযরত এবং ক্যামেরাপারসন তৈয়ব আলী পর্বত। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :