• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

খুলনায় বেতার শিল্পীদের সংকট নিয়ে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১১:১২ অপরাহ্ন / ৭০
খুলনায় বেতার শিল্পীদের সংকট নিয়ে সংবাদ সম্মেলন

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনায় পরীক্ষামূলক সম্প্রচারের নামে স্বল্প সময়ের অনুষ্ঠান প্রচার করায় বেতার সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এর ফলে প্রায় ২ হাজার ৩০০ শিল্পী ও কলাকুশলী তাদের শিল্পসত্তা হারানোর পাশাপাশি মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার নগরীর স্থানীয় প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে “খুলনা বেতার শিল্পী সারথী” নামক সংগঠন।

সংগঠনের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন লিখিত বক্তব্যে বলেন, কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত বাজেট না থাকার অজুহাত দেখিয়ে অনুষ্ঠান প্রচার সীমিত করে দিচ্ছে। অথচ আঞ্চলিক পরিচালক, প্রকৌশলী, সহকারী পরিচালক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এতে করে শিল্পীদের প্রতি অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে অনুষ্ঠানমালা সংকুচিত করে একটি অপচেষ্টা চালানো হচ্ছে, যা দেশের দক্ষিণাঞ্চলের সমৃদ্ধ শিল্প-সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পীরা এ অবস্থার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বেতারের পূর্ণাঙ্গ সম্প্রচার চালু, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও শিল্পীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

অন্য এক সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ ও ৬ আগস্ট সুপার গ্লু দিয়ে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র ভস্মীভূত হয়। প্রশাসনিক কর্মকর্তার সোনাডাঙ্গা থানার দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয় বেতারের ১০০ কোটি টাকা সম্পদ ভস্মীভূত হয়। আর্কাইভসহ সকল ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়।

১৯৭০ সালে ৪ ডিসেম্বর এ বেতার কেন্দ্রের যাত্রা শুরুর প্রথম দিনের সংগীত শিল্পী মাজেদ জাহাঙ্গীর এ প্রতিনিধিকে বলেন, শিল্পীদের এমন দুরাবস্থা আগে কখনও হয়নি। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর গল্লামারিতে পাকবাহিনী কর্তৃক বেতার কেন্দ্র ধ্বংস হওয়ার পর দু’বছরকাল সম্প্রচার কাজ বন্ধ ছিল।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র ভস্মীভূত হওয়ার ২০ মাস পরও পূর্ণাঙ্গ অনুষ্ঠান শুরু না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্প-সংস্কৃতির ধারা অক্ষুণ্ণ রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।