• ঢাকা
  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন / ৯
খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার

ব্যুরো প্রধান, খুলনাঃ তিন হত্যা ও চার মাদক মামলাসহ মোট ৯ মামলার তথ্য; এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ অভিযান

খুলনার আলোচিত নুরাজিম বাহিনীর সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের আপন ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ আভিযানিক দল শিবচরের ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম আলোচনায় আসে। এ ছাড়া খুলনা নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া শাহারিয়ার ইসলাম রকি খুলনার পরিচিত সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।

গ্রেপ্তারের পর রকিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।