• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

অনুমোদনহীন নিউজ পোর্টাল, ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন / ৫৮
অনুমোদনহীন নিউজ পোর্টাল, ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ

মিশারুল ইসলাম মনির, খুলনাঃ খুলনায় অনুমোদনহীন অবৈধ অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নামে ভুয়া সাংবাদিকদের ব্ল্যাকমেইল, প্রতারণা ও হয়রানি বন্ধে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে খুলনা প্রেসক্লাব।

ভুয়া সাংবাদিকদের ও তাদের বিভিন্ন নামীয় অনুমোদনহীন নিউজ পোর্টাল-ফেজবুক, ইউটিউব – এর অপতৎপরতা রোধে সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা প্রশাসন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়েছে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি ।

চিঠিতে যৌথ স্বাক্ষর করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের কোনো প্রকার অনুমোদন ছাড়াই খুলনা ও আশপাশের এলাকায় একশ্রেণীর অসাধু ব্যক্তি অবৈধ অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে অপসাংবাদিকতায় মেতে উঠেছে।

এসব নামসর্বস্ব প্রতিষ্ঠানের কথিত সংবাদকর্মীরা হাতে ভুয়া মাইক্রোফোন ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র হরণ ও ব্ল্যাকমেইল করে আসছে।

এছাড়া সাধারণ মানুষ, পেশাজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত এদের হাতে নানাভাবে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। এই সংক্রান্ত অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ নিয়মিত খুলনা প্রেসক্লাবে জমা পড়ছে।

এমতাবস্থায়, সরকার কর্তৃক অনুমোদিত বৈধ গণমাধ্যম ও প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ জনগণকে ভুয়া গণমাধ্যম ও নামধারী সাংবাদিকদের হয়রানি থেকে রক্ষা করতে আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিধি অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে একটি গণবিজ্ঞপ্তি জারি করতে র‌্যাব-৬ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।