• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন / ৪১
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্ম জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সঙ্গে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্মের ক্ষেত্রে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩ টায় ঢাবি’র উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী ও গোবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন।