• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ জিম্মি ২ জেলে উদ্ধার : অস্ত্রসহ ডাকাত আটক


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন /
সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ জিম্মি ২ জেলে উদ্ধার : অস্ত্রসহ ডাকাত আটক

শেখ তৈয়ব আলী, খুলনা অফিসঃ সুন্দরবনে পৃথক দুটি সফল অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে উদ্ধার করা হয় এবং দয়াল বাহিনীর এক সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরার সময় দুই জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন।

অপহরণের পর ডাকাতরা মুক্তিপণের দাবিতে তাদের ওপর নির্যাতন চালায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান শনাক্ত করা হলে, ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল মুর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি কাঠের নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত দয়াল বাহিনীর সদস্যরা শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুইটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজসহ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল (৩৫) কে আটক করা হয়। আটক তরিকুল খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর হয়ে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।