

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা ও তার সহযোগীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশ উপস্থিতিতেই চালাচ্ছে দখল তাণ্ডব।
টংগীবাড়ী উপজেলার হাসাইল মৌজায় কানাডা প্রবাসী আব্দুল হাই মাঝীর প্রায় ১২১ শতাংশ মূল্যবান জমি রয়েছে। অভিযোগ রয়েছে, প্রবাসে থাকার সুযোগকে কাজে লাগিয়ে তার সৎ ভাই জাপান প্রবাসী নাছির মাঝি, বিএনপি নেতা নাদিম জামান বিদ্যুৎ এবং শাহিন বেপারীসহ একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জমিটি দখলের অপচেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ করে বলেন, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা দলবদ্ধভাবে এসে বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে দখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এসব মামলায় ইতোমধ্যে কয়েকটি নিরীহ পরিবারকে কারাবরণও করতে হয়েছে। আইন থাকা সত্ত্বেও যদি এভাবে দখল হয়, তাহলে আমরা কোথায় যাব। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
ভুক্তভোগীরা আরও জানান, থানায় লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযোগ রয়েছে—পুলিশের উপস্থিতিতেই এসব দখলচেষ্টা সংঘটিত হয়েছে।
এদিকে নতুন করে দখলচেষ্টাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ—রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামু-ভাগিনা সিন্ডিকেট বারবার একই কায়দায় জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নাদিম জামান বিদ্যুৎ বলেন, এখানে মামলা চলাকালীন অবস্থায় এই পুরো জায়গার উপরই নিষেধাজ্ঞা ছিল তবে নাসির মাঝি উনি নিজে জাপান থেকে আসছে যেহেতু ওনার টাকা গুলো এখানে ইউজ করছে এগুলো বিক্রি করে ফেলছে। আমরা কারো জমি দখল করছি না, নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছি মাত্র।
জাপান প্রবাসী মোঃ নাছির মাঝি জানান, এখানে নিষেধাজ্ঞা আছে তবে আমি বিল্ডিং উঠাই নাই বিল্ডিং উঠাতে না করছে। আমার দশ হাজার ইটা আছে এখানে ভাড়াটিয়া ছিল তারা উঠে গেছে, তারপরে জায়গাটা ফাঁকা ছিল তখন আর কিছু ছিল না আমি কারো ঘর ভাঙ্গি নাই কারো দরজা লাথি দেই নাই, এসপি স্যার বলছিল নিজেদের বিষয়ে মিল ফেলেন।
টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা থাকলে সেটিও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে এমন দখলচেষ্টার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের দৃশ্যমান ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :