

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাটঃ লালমনিরহাটে ৫ উপজেলায় তাণ্ডব চালিয়েছে ঝড়। এতে লণ্ডভণ্ড হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্তত চার-পাঁচটি গ্রাম। এছাড়া ঝোড়ো বাতাসে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা। এতে গাছ চাপা পড়ে সন্তোষ কুমার(৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আর মাদ্রাসার ৪ শিক্ষার্থীসহ বিভিন্নস্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে থেমে থেমে ঝড় ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। এতে ৫ উপজেলায় অন্তত অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও বিভিন্নস্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ফলে জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বাতাস ও বজ্রপাতসহ হানা দেয় বিক্ষিপ্ত ঝড়। এ কারণে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঝড়ের এলাকা গুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :