• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

রাঙ্গামাটিতে জুয়ার আসরে ডিবি পুলিশের ঝটিকা অভিযান : সরঞ্জামসহ ৫ জন গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন / ১১৭
রাঙ্গামাটিতে জুয়ার আসরে ডিবি পুলিশের ঝটিকা অভিযান : সরঞ্জামসহ ৫ জন গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি শহরের কালিন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিন্দীপুর রোড সংলগ্ন নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম-এর বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল কালিন্দীপুর নিউমার্কেটের পেছনে নকশা মিস্ত্রি নোমানের দোকানের সামনে অভিযান চালায়। এসময় প্রকাশ্য স্থানে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:​ মোঃ জীবন মিয়া (২৪), মোঃ নুর নবী (৩৮), মোঃ এরশাদ (৩৫), মোঃ শক্কুর (৪৫), মোঃ বাবর (৪০)।

ঘটনাস্থল থেকে পুলিশ জুয়া খেলার তাস এবং বোর্ডে ব্যবহৃত নগদ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।​রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক শান্তি বজায় রাখতে এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।