• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে ইমামকে অব্যাহতির অভিযোগে মানববন্ধন, পুনর্বহালের দাবি


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১১:১২ অপরাহ্ন / ৮৩
রংপুরের পীরগঞ্জে ইমামকে অব্যাহতির অভিযোগে মানববন্ধন, পুনর্বহালের দাবি

রংপুর অফিসঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি মসজিদের পেশ ইমামকে অব্যাহতি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত তাকে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রমজানের প্রথম দিন উপজেলার পানেয়া ইউনিয়নের মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সজিব মিয়াকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরাবাদ বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘ প্রায় আট বছর ধরে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাফেজ সজিব মিয়া। স্থানীয় মুসল্লিদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আন্তরিক ছিলেন। তবে সম্প্রতি হঠাৎ করেই তাকে ইমামতির দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও মুসল্লিরা। তাদের দাবি, কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ বা আলোচনার সুযোগ না দিয়েই হাফেজ সজিব মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা অন্যায় ও অযৌক্তিক।
এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন পানেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি ছাত্রদল, ওলামা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একজন ইমাম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, একটি মসজিদ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র। সেখানে ব্যক্তিগত সিদ্ধান্ত বা প্রভাব খাটিয়ে কাউকে অপসারণ করা হলে তা মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই বিষয়টি দ্রুত সমাধান করে হাফেজ সজিব মিয়াকে তার পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

এ বিষয়ে অভিযুক্ত মসজিদ কমিটির সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।