• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক : ২ জনের কারাদণ্ড


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন / ৯২
মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক : ২ জনের কারাদণ্ড

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার মহম্মদপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার (১লা এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার বড়রিয়া, ধোয়াইল ও বেজড়া গ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এই মাদকসেবীদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা সাগর, মামুন ও নুর ইসলাম; ধোয়াইল গ্রামের বাসিন্দা সুমন ও রাকিব এবং বেজড়া গ্রামের রিয়াজ ও মুলজার।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আটককৃতদের মধ্যে সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযান প্রসঙ্গে মহম্মদপুর থানার ওসি মোঃ আশরাফুজ্জামান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারী— কাউকেই ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এমন কঠোর অবস্থানের ফলে উপজেলায় মাদকের বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।