

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা ডা. কে এম বাবরের ব্যক্তিগত ও রাজনৈতিক মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন দৈনিক জনকণ্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি ও রাজনৈতিক সংগঠক মো. যোবায়ের শেখ।
বুধবার (২৪ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, মো. যোবায়ের শেখকে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক প্রচারণাকে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে ডা. কে এম বাবর যোবায়ের শেখকে এই দায়িত্ব প্রদান করেছেন। এখন থেকে গোপালগঞ্জ-২ নির্বাচনী এলাকায় ডা. বাবরের সব ধরনের সংবাদ বিজ্ঞপ্তি, গণসংযোগ কার্যক্রম এবং মিডিয়া সংশ্লিষ্ট বিষয়ের সমন্বয় করবেন যোবায়ের শেখ।
এ বিষয়ে ডা. কে এম বাবর বলেন, গোপালগঞ্জ-২ আসনের মানুষের কাছে দলের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং মিডিয়া কার্যক্রমে আরও গতি আনতেই যোবায়ের শেখের ওপর আস্থা রাখা হয়েছে। তাঁর সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতা নির্বাচনী প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
নবনিযুক্ত মিডিয়া ম্যানেজার মো. যোবায়ের শেখ বলেন, গোপালগঞ্জ-২ আসনের মাটি ও মানুষের নেতা ডা. কে এম বাবরের মিডিয়া উইংয়ের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এ দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।
আপনার মতামত লিখুন :