• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু : ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত


প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন / ১২৬
কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু : ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম শাহ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই যেন বিষাদে পরিণত হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার কাশাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম শাহ সোনাটিয়া গ্রামের সাদ্দাম শাহ’র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে সাদ্দাম শাহ’র বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ মাহিমকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরে শিশুটিকে দেখতে পান তার বাবা সাদ্দাম শাহ। পরে তাকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রতিবেশী সজিব খলিফা জানান, খুব দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ যেন মুহূর্তেই পরিণত হয়েছে বেদনাময় স্মৃতিতে।