এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে খুলনা প্রেস ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খুলনা প্রেস ক্লাবের আসন্ন বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।
নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ক্লাবের ১৫টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ এপ্রিল খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা।
তিনটি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী (উজ্জ্বল)। এছাড়া ছয়টি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, কে এম জিয়াউস সাদাত, রাজু আহমেদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন ও মো. মেহেদী মাসুদ খান।
গত সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং সদস্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে খুলনা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। এখন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা নির্বাচিত হন, সে দিকেই সবার নজর।
প্রেসক্লাবের সদস্যরা আশা করছেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যা ভবিষ্যতে খুলনা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।