নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে।
অসৎ উদ্দেশ্যে সার মজুত রাখার দায়ে জামিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় ও কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারে জামিরুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া অবৈধভাবে মজুত করা ১৩৯ বস্তা টিএসপি ও ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ সার বিক্রয় ও মজুতের অপরাধে অভিযুক্ত জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোন অনুমোদিত সার ব্যবসায়ী নন, অসৎ উদ্দেশ্যেই তিনি বিপুল পরিমাণ সার মজুত করেছিলেন। বাজারে সারের কৃত্রিম সংকট রোধে ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতাদের তদারকি জোরদার করা হয়েছে। ইতিপূর্বেও একাধিক অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করা হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় এই কঠোর মনিটরিং অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী জানান, অবৈধ মজুতদারির বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে এবং অপরাধীকে দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।