জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণের চেষ্টাকালে ভূয়া সিআইডি পরিচয়ে আসা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো— ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই গ্রামের আসমা খাতুন (৩১) ও ওসমান গণি (২৫), পবহাটি গ্রামের হাসানুজ্জামান হাসান (২৮), আরাপপুর গ্রামের সালমান শাহ (২৫), আড়মুখ গ্রামের সাকিব (২৩), কুড়িগ্রামের বরুঙ্গামারী উপজেলার ছাব্বির হোসেন (২২) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল আমিন হোসেন (২২)।
অভিযানকালে পুলিশ আসামীদের কাছ থেকে সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীপুরের ওয়াপদা বাজার এলাকায় নাকোল পুলিশ ক্যাম্পের একটি টহল টিম সন্দেহজনকভাবে একটি নোহা মাইক্রোবাস ঘুরতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক মাগুরা জেলা পুলিশ সুপারকে জানানো হয়। নির্দেশ পেয়ে পুলিশ সুপারের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান ও ডিউটি পার্টি ইনচার্জ এসআই আব্দুল মালেকের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ কৌশল খাটিয়ে ৭ জনকেই আটক করতে সক্ষম হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা ভুয়া সিআইডি সেজে ওই এলাকা থেকে এক নারীকে অপহরণ করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।