জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার সভাসদডাঙ্গা (চণ্ডীখালী) গ্রামে আমিরুল মোল্যা (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।
২৩ আগস্ট (রোববার) শেষ রাতে ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা ফিরোজ বিশ্বাস (২০): পিতা- ফরিদ বিশ্বাস, গ্রাম- সভাসদডাঙ্গা, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা। মিরাজুল ইসলাম ওরফে মিরাজ বিশ্বাস (২৫): পিতা- ফরিদ বিশ্বাস, গ্রাম- সভাসদডাঙ্গা, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা।
পুলিশ প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাত ১০:৩০ টায় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে গালিগালাজ করতে থাকে। আমিরুল মোল্যা ঘর থেকে রাস্তায় বের হলে আসামিরা তাঁর ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তাঁকে ঢাকার শ্যামলীতে ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গত ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ভিকটিমের ভাই আবুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। চিকিৎসাধীন অবস্থায় আমিরুল মোল্যার মৃত্যু হলে পরবর্তীতে মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন জানায় পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে সিসিআইসির এসআই অজয় দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।