নিজস্ব প্রতিবেদক, শার্শা, যশোরঃ যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির ধানক্ষেত থেকে একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পিস্তলটি ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।