আজিজুল ইসলাম, যশোরঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোর জেলার সীমান্ত এলাকাসহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, চলতি বছর ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, নাশকতা কিংবা দুষ্কৃতকারীদের অপতৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। একইসঙ্গে প্রতিটি পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর সূত্রে জানা যায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকার সর্বমোট ২২২টি পূজা মণ্ডপে ২০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার সার্বিক আধুনিকায়নে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) প্লাটুন এবং বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে প্রতিনিয়ত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কোনো দুষ্কৃতকারী উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।
তিনি আরও জানান, যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য যশোর ব্যাটালিয়ন সদরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী সীমান্ত ফাঁড়িগুলোতে (বিওপি) বিজিবির অতিরিক্ত জনবল বৃদ্ধি করা হয়েছে