বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ উপকূলীয় নৌ-নিরাপত্তা নিশ্চিত করার নামে নেওয়া ‘জিএমডিএসএস’ (GMDSS) ও ‘ইজিআইএমএনএস’ (EGIMNS) প্রকল্পে দফায় দফায় সময় ও ব্যয় বৃদ্ধির আড়ালে গুরুতর অনিয়ম ও অদক্ষতার অভিযোগ উঠেছে।
এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান।
অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে পিডিকে ফোন করা হলে তিনি রহস্যজনকভাবে নীরব থাকেন, অথচ এর পরপরই তার এক ঠিকাদার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নাম ভাঙিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সরাসরি তদবির শুরু করেন।
পিডির নীরবতা ও রাজনৈতিক নাম ভাঙিয়ে সংবাদ আটকে দেওয়ার অপচেষ্টা
প্রকল্পের আর্থিক অস্বচ্ছতা, অডিট আপত্তি এবং তদন্ত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদক পিডি আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি কল রিসিভ না করে এড়িয়ে যান।
তবে পিডি ফোন না ধরলেও, এর কিছুক্ষণ পরই মগবাজার এলাকা থেকে ‘মুন্না’ পরিচয়ে এক ব্যক্তি প্রতিবেদককে ফোন করেন। নিজেকে পিডি দেলোয়ারের ঠিকাদার দাবি করে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।
তিনি বলেন, আপনি পিডি দেলোয়ারের বিষয়ে নিউজ কেন করছেন? না করলে কি হয় না? আমি উনার ঠিকাদার ছিলাম, তিনি খুবই ভালো মানুষ। শুধু এখানেই থেমে থাকেননি ওই ঠিকাদার। সংবাদ আটকে দিতে তিনি যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম ব্যবহার করে দাবি করেন, এ বিষয়ে ওই দুই নেতাও প্রতিবেদকের সাথে কথা বলবেন।
একজন সরকারি কর্মকর্তার অনিয়মের সংবাদ ঠেকাতে ঠিকাদারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের নাম ভাঙানোর এই ঘটনা প্রকল্পের স্বচ্ছতা নিয়ে জনমনে তীব্র সন্দেহের জন্ম দিয়েছে।
অডিট আপত্তি ও প্রশাসনিক ব্যয়ে অনিয়ম
নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তরের অধীনে দক্ষিণ কোরিয়ার ঋণ সহায়তায় কক্সবাজার, সেন্টমার্টিন ও কুয়াকাটাসহ উপকূলের ৭টি স্থানে লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বরে দেলোয়ার রহমান পিডি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের মেয়াদ ও ব্যয় দফায় দফায় বাড়ানো হয়।
২০২৩ সালের একটি সরকারি অডিট প্রতিবেদনে এই প্রকল্প বাস্তবায়নে চরম আর্থিক অস্বচ্ছতার চিত্র উঠে আসে। প্রতিবেদনে পিডি দেলোয়ার রহমানের কার্যালয়ের প্রশাসনিক ও ভোক্তা ব্যয়ের ক্ষেত্রে সরাসরি অনিয়মের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এছাড়া, প্রকল্পের কাজের ধীরগতি ও অনিয়ম নিয়ে অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দিলে তিনি একপর্যায়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং প্রতিস্থাপনের আবেদনও করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তদন্ত প্রতিবেদনে প্রশাসনিক ব্যর্থতা ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের চিত্রঃ ইজিআইএমএনএস প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং বাজেট নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে ২০২৩ সালে একটি তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। তদন্ত কমিটির জেরার মুখেও পড়তে হয় পিডি দেলোয়ারকে।
তদন্ত প্রতিবেদনে নৌপরিবহন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হলেও, পিডি দেলোয়ারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির দালিলিক প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
তবে প্রতিবেদনে তার চরম প্রশাসনিক ব্যর্থতার বিষয়টি উঠে আসে। সেখানে স্পষ্ট বলা হয়, পিডির দায়িত্ব পালনে প্রকট ‘সমন্বয়ের ঘাটতি’ ও প্রশাসনিক শৃঙ্খলার অভাব ছিল, যার সরাসরি প্রভাবে প্রকল্পের কাজ দীর্ঘসূত্রিতায় পড়েছে এবং রাষ্ট্রের অর্থের অপচয় ঘটেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, তদন্ত প্রতিবেদনে সরাসরি দুর্নীতির প্রমাণ না মিললেও অডিট আপত্তি, চরম সমন্বয়হীনতায় রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং সবশেষে সংবাদ প্রকাশ ঠেকাতে ঠিকাদারের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে তদবিরের ঘটনাটি প্রমাণ করে যে, প্রকল্পের ভেতরে থাকা অনিয়ম আড়াল করতে একটি শক্তিশালী চক্র মরিয়া হয়ে উঠেছে।