নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে স্থানীয় ভলিবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চারঘাট পৌরসভা মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের সৌজন্যে বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
জার্সি বিতরণ করেন চারঘাট পৌরসভা মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে স্থানীয় ভলিবল খেলোয়াড়দের পাশাপাশি শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জার্সি বিতরণকালে আসাদুজ্জামান জুয়েল বলেন, তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। কিন্তু মাদক তাদের সেই সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তারা তত বেশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, চারঘাটে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজন নিয়মিত অনুশীলন, প্রতিযোগিতার সুযোগ ও পৃষ্ঠপোষকতা। আমি চাই আমাদের তরুণরা মাদক নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডকে জীবনের অংশ হিসেবে বেছে নিক।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ পাল, অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা শিক্ষক অমৃত দেবনাথ, শিক্ষক শওকত হোসেন সমাজসেবক সাইদুর রহমান মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভলিবল খেলোয়াড়রা।