আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুসকা, ১১ কেজি কিসমিস, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি কসমেটিকস সামগ্রী। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।