খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড় এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ডালমিল মোড়ের ভেতরের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহিদুল ইসলাম লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে। অভিযোগে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার সাগর (২৭) এবং তার সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি জাহিদুলের ওপর হামলা চালান। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে কোপ দেওয়া হয়।
হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।