আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ও সাজা ভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শূন্যরেখায় তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি, ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার।
ইমিগ্রেশন ও নথি সূত্রে জানা যায়, ফেরত আসা নাগরিকেরা ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। আটক হওয়ার পর আদালতের রায়ে কারাভোগ শেষে তাদের তামিলনাড়ুর আত্তুর-সালেম ও তিরুচিরাপল্লির (ট্রিচি) বিশেষ ক্যাম্পে রাখা হয়।
পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং বাংলাদেশি নাগরিকত্ব যাচাই শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও পোর্ট থানা সূত্রে জানা গেছে, প্রশাসনিক প্রক্রিয়া ও আইনি আনুষ্ঠানিকতা শেষে এসব ফেরত আসা নাগরিকদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।
পরবর্তীতে শেল্টার হোমে নিরাপদ হেফাজতে রেখে নিজ নিজ পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।