আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।