নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার নববধূসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মিতু, তার ছোট বোন লামিয়া (১০) এবং মৃত শামছুউদ্দিন মোড়লের স্ত্রী রাশিদা বেগম (৭৫)। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল চারটার দিকে খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাকসা গ্রামের সালাম মোড়লের মেয়ে মিতুর বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন লামিয়া ও বৃদ্ধা দাদি রাশিদা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রামপাল বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ, বর ও তাদের স্বজনসহ ১৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের গ্রাম নাকসাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা নজরুল সানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী নিহতদের বাড়িতে ছুটে আসছেন এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।