এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর ( এক যুগ ) পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব এর মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আহাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আজকের সারাদেশ পাঠকের আস্থা অর্জনে ভূমিকা রাখছে। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে প্রকাশ করা জরুরি। এ সময় তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পত্রিকাটির এক যুগ পূর্তি উদযাপন করেন।