মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় ওয়ারেশ কায়েম সনদকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির রান্না ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে।
সোমবার গভীর রাতে উপজেলার পুরাইকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে রান্না ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আইয়ুব আলী সরদার।
আইয়ুব আলী সরদার ও তাঁর স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়ারেশ ও সম্পত্তির অংশীদারত্ব নিয়ে বৈমাত্রেয় ভাইদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। তাঁদের দাবি, ওয়ারেশ তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে তাঁদের ওপর নির্যাতন ও হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তাঁদের রান্নাঘরে আগুন দেওয়া হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আইয়ুব আলীর বৈমাত্রেয় ভাই নবজান সরদার। তিনি বলেন, আইয়ুব আলী তাঁদের বৈধ অংশীদার নন। তাঁর দাবি, নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাঁদের বাবা দুই বিয়ে করেছিলেন এবং তাঁরা পাঁচ ভাই। আইয়ুবকে তাঁরা ওয়ারেশ হিসেবে স্বীকার করেন না। এ কারণে ওয়ারেশ কায়েম সনদের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। তবে চেয়ারম্যান এখনও সনদ দেননি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওয়ারেশ কায়েম সনদ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল বলেও জানা গেছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও মনে করছেন সচেতন মহল।